প্রিন্ট এর তারিখ : ৩০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ গত ২৬ ফেব্রুয়ারি এই হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর ফলে তাকে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।এর আগে সাবেক মেয়র আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। এছাড়া আরও পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে এসব বিষয়ে আপিল বিভাগে শুনানি অপেক্ষমাণ রয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার ভাই ওয়াজেদ আলী মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়।এদিকে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেছেন, এজাহারে আইভীর নাম না থাকা সত্ত্বেও ঘটনার ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেননি এবং জামিন পাওয়ার পরদিনই তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা হয়রানিমূলক।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ