প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
জ্বালানি সংকটে সোনারগাঁয়ে বিশেষ সভা, ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ
||
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জ্বালানি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের প্রতিনিধিরা।সভায় প্রতিটি ফিলিং স্টেশনের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে সরকারি নির্দেশনা বাস্তবায়ন সহজ হবে এবং তেল বিতরণে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাবে।এতে গ্রাহকদের নির্ধারিত লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে হবে এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে মজুতদারি ও কালোবাজারি রোধে কঠোর নজরদারির কথাও জানানো হয়।ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড সংরক্ষণ, ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেল উপস্থিত থেকে পরিমাপের মাধ্যমে গ্রহণ এবং পে-অর্ডার ও চালানপত্রের সঙ্গে সরবরাহের পরিমাণ যাচাই করা। এছাড়া ডিপ রড বা ডিপ স্টিক ব্যবহার করে তেলের পরিমাণ নিশ্চিত করা হবে।এর পাশাপাশি ফিলিং স্টেশনের আশপাশে কোনো অননুমোদিত ট্যাংক বা স্থাপনা আছে কিনা তা খতিয়ে দেখা এবং ডিপো থেকে পাম্প ও পাম্প থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও সভায় উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ