প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা: নির্বাচনকে ঘিরে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাটকীয় ঘটনা
||
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফতুল্লা দলিল লেখক সমিতিতে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। সমিতির সেক্রেটারি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি “বাংলাদেশ দলিল লেখক সমিতি, ফতুল্লা সাব-রেজিস্ট্রি অফিস শাখা, রেজিস্ট্রেশন কমপ্লেক্স নারায়ণগঞ্জ” শীর্ষক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কয়েকজন সদস্যকে সরিয়ে দিয়েছেন। জানা গেছে, যারা নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে গ্রুপে বার্তা দিয়েছিলেন, তাদেরকেই লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই সমিতির অভ্যন্তরে মতবিরোধ চলছিল। সাম্প্রতিক সময়ে সেই বিরোধ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ্যে রূপ নেয়, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, সেক্রেটারি রফিকুল ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হঠাৎ করেই গ্রুপে প্রশাসনিক পদক্ষেপ নেন।এ বিষয়ে তার ভগ্নীপতি মো. ছানাউল্লাহ দাবি করেন, সমিতিতে কার্যত তিন সদস্যের একটি প্রভাবশালী কমিটি রয়েছে, যেখানে রফিকুল ইসলাম প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছেন। তার ভাষ্যমতে, “সমিতির অধিকাংশ সিদ্ধান্ত এককভাবে রফিকুল ইসলাম নিয়ন্ত্রণ করেন। কেউ তার কর্তৃত্বে চ্যালেঞ্জ করলে তিনি তা মেনে নেন না।”ঘটনাটি নিয়ে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বেরই ফল।এ বিষয়ে মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতিতে দীর্ঘদিন ধরে সরাসরি ভোটারদের অংশগ্রহণে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বরং অভিযোগ রয়েছে, মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ‘সিলেকশন’ পদ্ধতিতে তথাকথিত পকেট কমিটি গঠন করে আসা হচ্ছে।এ প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি ও অভ্যন্তরীণ টানাপোড়েন আসন্ন নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে রেজিস্ট্রেশন কমপ্লেক্সের আওতাধীন নারায়ণগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ সদস্যরা দাবি জানিয়েছেন, যেন কোনো অবস্থাতেই প্রভাব খাটিয়ে বা ভয়ভীতি প্রদর্শন করে পুনরায় ‘সিলেকশন’ পদ্ধতিতে কমিটি গঠন করা না হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ