প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
মাদক ব্যবসায় বাধা দিতে গিয়ে খু'ন হলো সাব্বির, প্রধান আসামী আ'টক
||
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সাইদ আহমেদ সাব্বির (৩০) হত্যার ঘটনায় সেলিম (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।বুধবার (১ এপ্রিল) রাতে র্যাব-১১-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানায়, নিহত সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অপরদিকে, সেলিমের নেতৃত্বে একটি চক্র ফতুল্লা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সাব্বির তাদের এ কার্যক্রমে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে চক্রটি এবং একাধিকবার তাকে হুমকি দেয়।ঘটনার সূত্রপাত ঘটে গত ৪ মার্চ ভোরে। সেহরির খাবার আনতে বের হলে শিবু মার্কেট এলাকায় পৌঁছালে সেলিমের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাতে তার মৃত্যু হয়।এ ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে এজাহারভুক্ত আসামি সেলিমকে আটক করা হয়।উল্লেখ্য, এর আগে ১৬ মার্চ মামলার আরেক প্রধান আসামি সোহাগকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত সেলিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ