প্রিন্ট এর তারিখ : ০৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
ইসদাইরে অ'স্ত্রের মুখে ছি'নতাই ঘটনায় সিসিটিভিতে ছি'নতাইকারীর স্পষ্ট চেহারা, তবুও গ্রে'ফতার শূন্য
||
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে নারী কলেজ প্রভাষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গত ২৯ মার্চ রোববার সকাল সাড়ে ৬টায় পূর্ব ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী চাপাতির মুখে জিম্মি করে নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা আফরোজের কাছ থেকে সোনার চেইন, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে এসে দ্রুত ছিনতাই করে পালিয়ে যায়। তাদের মধ্যে দু’জনের মুখ খোলা থাকায় চেহারা স্পষ্টভাবে শনাক্তযোগ্য হলেও এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।ভুক্তভোগী প্রভাষক ফারজানা আফরোজ জানান, অস্ত্রের মুখে জিম্মি করে তার সবকিছু কেড়ে নেওয়া হয়। সিসিটিভিতে ছিনতাইকারীদের স্পষ্ট দেখা গেলেও চার দিনেও গ্রেপ্তার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ফুটেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশা করছেন তিনি।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহরে ভোরে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এমনকি ছিনতাইকারীদের হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণহানির ঘটনাও ঘটেছে। পুলিশের এক এএসআইয়ের অস্ত্র ছিনতাইয়ের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে নগরবাসী নিয়মিত টহল জোরদার ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ