প্রিন্ট এর তারিখ : ০৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
দারিদ্র্যের চাপে নবজাতককে নদীতে ফেলার চেষ্টা, শেষমেষ ফিরে গেল পরিবারের কাছে
||
অভাবের চাপে নবজাতক কন্যা সন্তানকে প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন এক দম্পতি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে দ্রুত উদ্ধার করা হয় শিশুটিকে। পরে পুলিশ ও সমাজসেবা কার্যালয়ের হস্তক্ষেপে মুচলেকা নিয়ে নবজাতককে আবারও বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বন্দর থানার বক্তারকান্দী এলাকায় নদীর তীর থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ জানায়, শিশুটির বাবা আব্দুল হক ও মা রাহেনা বেগম, যাদের স্থায়ী বাড়ি রংপুর জেলায়। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের আরও তিনটি সন্তান রয়েছে। শারীরিক প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও আব্দুল হক রিকশা চালিয়ে সংসার চালান। তারা বর্তমানে বক্তারকান্দী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই বাসাতেই রাহেনা বেগম কন্যা সন্তানের জন্ম দেন। পরে অভাবের তাড়নায় সকালে শিশুটিকে প্লাস্টিকের ব্যাগে ভরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বিষয়টি দেখে ফেলে এবং দ্রুত শিশুটিকে উদ্ধার করে।বন্দর থানা পুলিশ বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করলে তিনি থানায় এসে দম্পতির বক্তব্য শোনেন। পরবর্তীতে মুচলেকা গ্রহণের মাধ্যমে নবজাতককে তাদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয় বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ