প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ফতুল্লায় বিএনপির ঝুট বিরোধে গোলাগুলি—মাদ্রাসার ছাত্র গুলিবিদ্ধ, ক্ষোভ আব্দুল্লাহ আল আমিন-এর
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের গোলাগুলির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।নিজের এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা বেড়ে গেলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। বারবার অনুরোধ সত্ত্বেও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।এমপি আরও দাবি করেন, জুট সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে গেলে থানার পক্ষ থেকে উল্টো আপোষ-মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। এমনকি বিভিন্ন মামলার আসামিদের প্রকাশ্যে প্রশাসনের আশপাশে দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে পরিস্থিতি চলতে থাকলে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। প্রশাসনকে স্পষ্ট করতে হবে—তারা সন্ত্রাসীদের পক্ষে, নাকি সাধারণ মানুষের পক্ষে।উল্লেখ্য, আজ সকালে ওই এলাকায় গোলাগুলির সময় মাদ্রাসা থেকে ফেরার পথে ইমরান (১০) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় ফতুল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ