প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে চাষাঢ়ায় নামছে ১১ দল, শুরু লিফলেট বিতরণ
||
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে বিভিন্ন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনসহ ১১ দলভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেবেন।জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মহানগর নায়েবে আমীর, সেক্রেটারি ও অন্যান্য নেতারা। এছাড়া এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং এবি পার্টির মহানগর পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন।উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য সারা দেশে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ চলবে।কর্মসূচির ধারাবাহিকতায় ১১ এপ্রিল মহানগরগুলোতে এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। পাশাপাশি ১৩ এপ্রিল রাজধানীর কাকরাইলে একটি জাতীয় সেমিনার আয়োজনের কথাও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ