প্রিন্ট এর তারিখ : ১০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ: ১০ দিন পর মুক্তিপণ চাইল চক্র
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হাবিবুর রহমান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের ১০ দিন পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী চক্র।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অপহরণকারীদের ব্যবহৃত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে শিশুটির স্বজনদের কাছে টাকা দাবি করা হয়।অপহৃত হাবিবুর রহমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার নূর নবী মিয়ার ছেলে।ঘটনার সূত্রপাত গত ৩০ মার্চ (সোমবার) সকালে। প্রতিদিনের মতো সেদিনও হাবিবুর রহমান মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন (৩১ মার্চ) তার বাবা বন্দর থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন (জিডি নং-১৫৪৪)।পরিবারের অভিযোগ, নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অপহরণকারীরা ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে জানায়, টাকা দিলে হাবিবুর রহমানকে চট্টগ্রামের মিরসরাই থানায় পৌঁছে দেওয়া হবে।পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে বন্দর থানা পুলিশ জানায়, ব্যবহৃত মোবাইল নম্বরটির লোকেশন নারায়ণগঞ্জের কালী বাজার এলাকায় শনাক্ত হয়েছে।এ ঘটনায় অপহৃত শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ