প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
১৩ এপ্রিল হকার উচ্ছেদ অ'ভিযান: স্বস্তি না ফের নতুন সং'ঘাত?
||
নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের ফুটপাত দখল ও হকার সমস্যাকে ঘিরে আবারও শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। আগামী ১৩ এপ্রিল থেকে শহরের প্রধান সড়কগুলো হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের বড় অংশ হকারদের দখলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ, দুই নম্বর রেলগেট হয়ে কালীরবাজার ও খানপুর পর্যন্ত স্বল্প সময়ের পথ পাড়ি দিতেই অনেক সময় লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ফুটপাতের পাশাপাশি সড়কের অংশ দখল করে বসায় যানজট আরও বেড়েছে।প্রশাসনের দাবি, শহরের প্রধান সড়কে আর কোনো হকার বসতে দেওয়া হবে না। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ও করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গেও এ বিষয়ে সমন্বয় করা হয়েছে।তবে অতীত অভিজ্ঞতা বলছে, এই উচ্ছেদ অভিযান বাস্তবায়ন সহজ নয়। ২০১৮ সালে একই ধরনের উদ্যোগকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে তৎকালীন মেয়রসহ অনেকেই আহত হন। এরপর আর স্থায়ীভাবে হকারমুক্ত করা সম্ভব হয়নি বঙ্গবন্ধু সড়ক।এদিকে অভিযোগ রয়েছে, হকারদের ঘিরে প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদাবাজি চলছে। বিভিন্ন স্থানে স্পটভিত্তিক ভাড়া দিয়ে হকার বসানো হয় এবং এতে কিছু অসাধু রাজনৈতিক কর্মী, সিটি কর্পোরেশনের কর্মচারী এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। হকাররাও নিয়মিত চাঁদা দেওয়ার কথা স্বীকার করেছেন।আসন্ন উচ্ছেদ অভিযান নিয়ে নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে অনেকে স্বস্তি ফিরবে বলে আশা করছেন, অন্যদিকে হকাররা পুনর্বাসনের নিশ্চয়তা না পেলে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন।সবকিছু মিলিয়ে ১৩ এপ্রিলের এই অভিযান নারায়ণগঞ্জ শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে—এটি কি স্থায়ী সমাধান আনবে, নাকি আবারও পুরনো পরিস্থিতিতেই ফিরে যাবে, সেটাই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ