প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
পানি, ড্রেনেজ ও সবুজায়নে বড় প্রকল্প: নারায়ণগঞ্জে এডিবির ১৬৯৪ কোটি টাকা
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহ উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং সবুজায়ন বাড়াতে প্রায় ১ হাজার ৬৯৪ কোটি ৭৫ লাখ টাকার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নামে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শহরের পানি সংকট, জলাবদ্ধতা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্তত ৪ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।এডিবি জানিয়েছে, দ্রুত নগরায়ণের কারণে নারায়ণগঞ্জে নগর সেবার ওপর চাপ বাড়ছে। এই প্রকল্পের মাধ্যমে শহরকে একটি টেকসই ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।প্রকল্পের আওতায় পানির অপচয় কমিয়ে ২০ শতাংশের নিচে নামানোর পরিকল্পনা রয়েছে। এজন্য ২৩০ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন ও সম্প্রসারণ করা হবে, পাশাপাশি মিটারযুক্ত নতুন সংযোগ স্থাপন করা হবে। আধুনিক প্রযুক্তি হিসেবে স্কাডা (SCADA) সিস্টেম ও অনলাইন বিলিং ব্যবস্থাও উন্নত করা হবে।প্রকল্প শেষ হলে দৈনিক পানি সরবরাহ ক্ষমতা ১১৩ মিলিয়ন লিটার থেকে বেড়ে ১৬২ মিলিয়ন লিটারে পৌঁছাবে। একই সঙ্গে নতুন নলকূপ স্থাপন, পানি শোধনাগার সংস্কার এবং অবকাঠামো উন্নয়ন করা হবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহারও বাড়িয়ে ৫১ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে অন্তত ২২ কিলোমিটার অবকাঠামো উন্নয়ন করা হবে, যাতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমে আসে।এছাড়া শহরে নতুন পার্ক নির্মাণ ও একটি খেলার মাঠ পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে, যা নগরবাসীর জীবনমান উন্নয়ন ও তাপমাত্রা হ্রাসে ভূমিকা রাখবে।প্রকল্পটি সরকারের অনুমোদনের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অধীনে একনেক সভায় ইতোমধ্যে পাস হয়েছে। বাস্তবায়নের পর এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সিটি করপোরেশনের ওপর।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের পুরোনো পাইপলাইন ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পানি সরবরাহ ব্যবস্থায় যে সমস্যাগুলো ছিল, এই প্রকল্পের মাধ্যমে তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ