প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
স্ট্যান্ড ইজারা শেষ: বন্দরে টোল আদায় বন্ধের ঘোষণা সাখাওয়াতের
||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় কদমরসুল তথা বন্দর এলাকায় যানবাহনের স্ট্যান্ডগুলোর ইজারার মেয়াদ শেষ হওয়ায় টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব সড়কে চলাচলের ক্ষেত্রে কোনো টোল দিতে হবে না।নাসিক সূত্রে জানা গেছে, শহরের কিছু স্ট্যান্ডে এখনো ইজারার মেয়াদ বহাল থাকায় সেগুলোতে আপাতত টোল আদায় কার্যক্রম চালু রয়েছে। তবে আগামী ৩০ জুন এসব স্ট্যান্ডের মেয়াদ শেষ হলে সেখানেও টোল আদায় বন্ধ করার পরিকল্পনা রয়েছে।বর্তমানে নবীগঞ্জ ঘাট, বন্দর ঘাট ও মদনগঞ্জ বাস স্ট্যান্ডসহ কয়েকটি স্থানে ইজারার ভিত্তিতে যানবাহন থেকে ১৫ থেকে ৫০ টাকা পর্যন্ত টোল আদায় করা হতো। এজন্য ইজারাদাররা সিটি কর্পোরেশনকে এককালীন অর্থ প্রদান করতেন।নাসিকের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বন্দরের সব স্ট্যান্ডের ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো বাতিল করা হয়েছে এবং আপাতত নতুন করে কোনো ইজারা দেওয়া হচ্ছে না। ফলে সেখানে কাউকে টোল দিতে হবে না।তবে স্থানীয় চালক ও যাত্রীদের অভিযোগ, টোল বন্ধের ঘোষণা থাকলেও একটি পক্ষ এখনো অনৈতিকভাবে টাকা আদায় করছে। এ বিষয়ে ইজারাদারদের একটি অংশও সিটি কর্পোরেশনে মৌখিক অভিযোগ দিয়েছেন।নাসিক সূত্র জানায়, এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসক সাখাওয়াত হোসেন খান থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।অন্যদিকে, শহরের যেসব স্ট্যান্ডে এখনো ইজারা কার্যকর রয়েছে, সেগুলোর মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এরপর নতুন নির্দেশনা না এলে সেগুলোতেও টোল আদায় বন্ধ করা হতে পারে।উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর প্রশাসক সাখাওয়াত হোসেন খান ঘোষণা দিয়েছিলেন, সিটি কর্পোরেশনের কোনো সড়কে চলাচলের জন্য টোল রাখতে চান না এবং ধাপে ধাপে এ প্রক্রিয়া বন্ধ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ