প্রিন্ট এর তারিখ : ১৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশনের তিন স্থানে টোল আদায় বন্ধ, কমতে পারে ভাড়া
||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বাসিন্দাদের স্বস্তি দিতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সম্প্রতি নগরীর ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের মাধ্যমে ব্যাপক প্রশংসা পাওয়ার পর এবার তিনি তিনটি গুরুত্বপূর্ণ স্পটে যানবাহনের ওপর আরোপিত টোল আদায়ের ইজারা বাতিল করেছেন।জানা গেছে, নগরীর ১ নম্বর রেলগেট এলাকার সিএনজি স্টেশন, বন্দর খেয়াঘাটের অটো স্ট্যান্ড এবং নবীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন লতিফ হাজীর মোড়—এই তিনটি স্থানে অটোরিকশা, সিএনজি ও থ্রি-হুইলার থেকে ‘রাস্তার ক্ষতিপূরণ’ নামে টোল আদায় করা হতো। তবে প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব স্থানে এখন থেকে আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের ইজারার নামে টোল আদায় করতে পারবে না।বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে নতুন করে ইজারা দেওয়া হলেও সেটির ওয়ার্ক অর্ডার বাতিল করা হয়েছে। অন্যদিকে, নবীগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের বাইরে থেকেও টোল আদায়ের অভিযোগ ছিল, যা বন্ধের আওতায় আনা হয়েছে।নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এই তিনটি স্পটের টোল ইজারা বাতিল করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি স্পটগুলোর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র জানায়, এসব স্থানে প্রতিদিন অটোরিকশা, সিএনজি ও থ্রি-হুইলার থেকে ২০ টাকা করে টোল আদায় করা হতো। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিলের পর, ১৫ এপ্রিল পূর্ববর্তী ইজারা বাতিল করা হয় এবং ১৬ এপ্রিল থেকে কার্যকরভাবে টোল আদায় বন্ধ রয়েছে।সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন অটো ও সিএনজি চালকরা, পাশাপাশি সাধারণ যাত্রীরাও খুশি। তবে যাত্রীদের দাবি, যেহেতু টোল বন্ধ হয়েছে, তাই যানবাহনের ভাড়াও যৌক্তিকভাবে কমিয়ে পুনঃনির্ধারণ করা উচিত।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ