প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
এমপি আল আমিন ও সোহেল মাহমুদের উদ্যোগে কাশিপুরবাসীর স্বস্তি,৬ ফুটের রাস্তা হচ্ছে ১২ ফুট
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের কাশিপুর ব্রিজের ঢাল এলাকায় দীর্ঘদিন ধরে সরু রাস্তার কারণে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। মাত্র ৬ ফুট প্রশস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করলেও যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ যাতায়াতে প্রতিবন্ধকতা ছিল নিত্যদিনের চিত্র। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি সেবার ক্ষেত্রে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছিল।এ পরিস্থিতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ। তাদের উদ্যোগে স্থানীয়ভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়,যেখানে অরিয়ন গ্রুপ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে এলাকার জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরা হলে অরিয়ন গ্রুপ কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দেয়। তারা শর্তসাপেক্ষে অঙ্গীকার করে যে, বর্তমান ৬ ফুট প্রশস্ত সড়কটি সম্প্রসারণ করে ১২ ফুটে উন্নীত করা হবে, যা বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি আসবে।স্থানীয়রা মনে করছেন, এই সড়ক প্রশস্ত হলে যান চলাচল স্বাভাবিক হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে। দীর্ঘদিনের ভোগান্তির পর এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।উক্ত বৈঠকে বিএনপি ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কাশিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করে বাস্তবায়নের দাবি জানান, যাতে প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ