প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
শুধু রাজপথ নয়, সংস্কৃতির লড়াইয়েও সক্রিয় হতে হবে: মামুন
||
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আন্দোলন-সংগ্রাম শুধু রাজপথের কর্মীদের ওপর নির্ভর করে না; শিল্পী, সাহিত্যিক, চিত্রকর, সুরকার ও বুদ্ধিজীবীরাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)কে রাজপথের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও নেতৃত্ব দিতে হবে।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের কালাবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা ও মহানগর জাসাস আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।মামুন মাহমুদ বলেন, ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতার পর ভারত বিভাজনের মাধ্যমে পাকিস্তান ও ভারতের জন্ম হয়। পরবর্তীতে ভাষা, সংস্কৃতি, সাহিত্য ও বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে পশ্চিম পাকিস্তানের সঙ্গে একত্রে থাকা সম্ভব হয়নি। সেই বাস্তবতা থেকেই স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে।তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আবার কেউ ছবি এঁকেছেন, কবিতা লিখেছেন, পথনাটক করেছেন। তারাও স্বাধীনতা সংগ্রামের কর্মী। তাই জাসাসের ভেতরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয় ঘটানো জরুরি।তিনি আশা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস আগামী দিনে বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে উঠবে।মামুন আরও বলেন, একটি রাজনৈতিক দল শুধু রাজপথের নেতাকর্মীদের ওপর নির্ভর করে টিকে থাকতে পারে না। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দল আরও শক্তিশালী ও আদর্শিক হয়ে ওঠে।অপসংস্কৃতির চর্চা ও ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও সাহিত্যের ভিত্তিতে। তাই সেই সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ