প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
উচ্ছেদের পর পুনর্বাসনের দাবিতে ডিসি কার্যালয়ে হকারদের স্মারকলিপি
||
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়কের ফুটপাত থেকে উচ্ছেদের পর পুনর্বাসন এবং নির্দিষ্ট সময়ের জন্য বসার সুযোগ চেয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছেন হকাররা।সোমবার (৪ মে) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবি তুলে ধরেন তারা।জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পাঁচজন নেতা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের কাছে স্মারকলিপি প্রদান করেন।অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া হকাররা জানান, তারা আইন মেনে চলতে প্রস্তুত, তবে জীবিকা নির্বাহের জন্য বিকল্প ব্যবস্থা প্রয়োজন। নির্দিষ্ট সময় বেঁধে দিলে সেই সময়ের মধ্যেই তারা ব্যবসা পরিচালনা করবেন বলেও উল্লেখ করেন।হকারদের দাবি, তাদের জন্য নির্দিষ্ট পুনর্বাসন এলাকা বরাদ্দ এবং অন্তত কিছু সময়ের জন্য ফুটপাতে বসার অনুমতি দেওয়া হোক। এতে তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন।হকার নেতা রনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা হবে বলে জানানো হয়েছে। তিনি আরও বলেন, শুধু উচ্ছেদ নয়—হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।এদিকে, কর্মসূচিকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে।কর্মসূচিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সহসভাপতি মো. আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ