প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
পুনর্বাসন হবে, কিন্তু সড়কে হকার বসতে দেওয়া হবে না: আশা
||
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার আহ্বান জানিয়ে হকারদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।বুধবার (৬ মে) রাতে আবুল কাউসার আশার রাজনৈতিক কার্যালয়ে হকার নেতাদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হকাররা ঈদকে সামনে রেখে প্রতিদিন বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসা করার অনুমতি চান।আলোচনায় আবুল কাউসার আশা বলেন, আন্দোলন ও মিছিলের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সাধারণ হকার ও তাদের পরিবারই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে উচ্ছেদ অভিযান ও সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে গ্রেপ্তার হলে ভোগান্তি বাড়বে।হকার নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বলছেন আন্দোলনের পেছনে আওয়ামী লীগের লোকজন ইন্ধন দিচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য আপনাদেরও ভূমিকা রয়েছে। যারা আপনাদের ব্যবহার করছে, শেষ পর্যন্ত বিপদে পড়বেন আপনারাই।”আশা আরও বলেন, শুরু থেকেই যদি হকাররা পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতা করতেন, তাহলে সিটি করপোরেশন প্রশাসক ও জেলা প্রশাসকের সঙ্গে বসে সমাধানের পথ বের করা সহজ হতো। তিনি জানান, হকারদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই এবং পুনর্বাসনের দাবিতে প্রয়োজনে আন্দোলনেও পাশে থাকার আশ্বাস দেন।তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসী চায় শহরের রাস্তা ও ফুটপাত হকারমুক্ত থাকুক। ফুটপাত মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে হকারদের পুনর্বাসনের দাবিও যৌক্তিক। কোথায় ও কীভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে হকার নেতাদের যৌক্তিক প্রস্তাব দিতে হবে।”এদিকে জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর সভাপতি কেএম মিজানুর রহমান রনি জানান, ঈদ উপলক্ষে বিকেল ৫টার পর ব্যবসা করার অনুমতি চাওয়া হয়েছে। এ বিষয়ে আবুল কাউসার আশা ২ থেকে ৩ দিন সময় নিয়েছেন বলে তিনি জানান।রনি আরও বলেন, জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট সবাই একসঙ্গে বসলে হকারদের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ