প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
কাশীপুর ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক ||
কাশীপুরের সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে সামনে রেখে “একতা • উন্নয়ন • মানবতায় • কাশীপুরের পাশে” স্লোগানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “কাশীপুর ফাউন্ডেশন”। শুক্রবার (৮ মে ২০২৬) বিকেলে আলী আহমদ চুনকা নগর পাঠাগার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন করা হয়।অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনের উদ্বোধনী আয়োজনে কাশীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সমাজসেবক, তরুণ প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে কাজ করবে কাশীপুর ফাউন্ডেশন। বিশেষভাবে শিক্ষার্থীদের সহযোগিতা, মেধাবৃত্তি প্রদান, প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে প্রায় ১৫টি জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে দরিদ্র মানুষের সহায়তা, রক্তদান কর্মসূচি, চিকিৎসা সহায়তা, পরিবেশ সচেতনতা, যুব উন্নয়ন ও সাংস্কৃতিক কার্যক্রম।অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুরের শিক্ষাগুরু বাবুল কৃষ্ণ সাহা। বক্তব্যে তিনি বলেন, সমাজ পরিবর্তনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং একটি মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, কাশীপুর ফাউন্ডেশন এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কাশেম, আনোয়ার তালুকদার, মাহবুবুর রহমান পারভেজ, জুনায়েদ হাসান, নূর আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম খাঁ ও রাশেদুল ইসলামসহ আরও অনেকে।বক্তারা বলেন, কাশীপুরের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা নতুন সংগঠনটির সফলতা কামনা করেন এবং মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠান শেষে অতিথিরা কাশীপুর ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ