প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
সাধারণ শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে তাকে থামিয়ে দিতে চাইছিলেন- রাজীব
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম রাজীব।শনিবার (৯ মে) নিজের ফেসবুক পোস্টে রাজীব দাবি করেন, ছাত্রশক্তির এক নেতার বক্তব্যের সময় সাধারণ শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে তাকে থামিয়ে দিতে চাইছিলেন। সে সময় পরিস্থিতি শান্ত রাখতে তিনিই উপস্থিতদের অনুরোধ করেছিলেন বক্তাকে কথা বলার সুযোগ দিতে।পোস্টে তিনি লিখেন, “ছাত্রশক্তির ঐ নেতার বক্তব্যের সময় যখন সাধারণ শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাকে থামিয়ে দিতে চাচ্ছিলো, তখন আমিই সবার কাছে অনুরোধ করেছি— ‘শুনেন, কথা বলতে দেন।’ কারণ আমি বিশ্বাস করি, মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু কথা বলার অধিকার কেড়ে নেওয়া সমাধান না।”তিনি অভিযোগ করেন, এরপরও তাকে উদ্দেশ্য করে প্রচার করা হয়েছে যে তিনি নাকি অন্যের “মুখের ভাষা কেড়ে নিতে” চেয়েছেন। এ ঘটনাকে তিনি “ভয়ংকর মিথ্যাচার” হিসেবে উল্লেখ করেন।আজিজুল ইসলাম রাজীব আরও বলেন, “যে মানুষ পরিস্থিতি শান্ত রাখতে চেয়েছে, তাকেই এখন বাকস্বাধীনতার শত্রু বানানোর চেষ্টা চলছে।” তিনি দাবি করেন, ঘটনার ভিডিও এবং প্রত্যক্ষদর্শী উভয়ই তার বক্তব্যের সত্যতা প্রমাণ করবে।প্রসঙ্গত, সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। অনুষ্ঠান চলাকালে ছাত্রশক্তির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে স্টেজ ও দর্শক সারির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ