প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
পুলিশের উপর হা'মলা চালিয়ে পালানো চনপাড়ার বহিষ্কৃত যুবদল নেতা শামীম কক্সবাজারে গ্রে'প্তার
||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া বহিষ্কৃত যুবদল নেতা শামীম মিয়াসহ ছয়জনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকা থেকে র্যাব-১৫ সদস্যরা তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।গ্রেপ্তারকৃতরা হলেন— রূপগঞ্জ উপজেলার বহিষ্কৃত যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া এবং তার সহযোগী মানিক ঢালি (৩৪), আব্দুল করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। তারা সবাই চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা।পুলিশ জানিয়েছে, পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার পর থেকেই তারা কক্সবাজারে আত্মগোপনে ছিলেন।জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৫ মে ভোরে রূপগঞ্জ থানা পুলিশ চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামীম মিয়াকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।তবে খবর ছড়িয়ে পড়লে শামীমের সমর্থক ও স্থানীয় দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ঘেরাও করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ির চাকা কেটে দেয় এবং আটক শামীমকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।ঘটনার পর রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ ক্ষতিসাধনের অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ