প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬
নারায়ণগঞ্জে ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার আলোচনায় ‘শালা-দুলাভাই’ গরু
||
কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে এবার আলোচনার কেন্দ্রে এসেছে ব্যতিক্রমী নামের দুই গরু— ‘শালা’ ও ‘দুলাভাই’। নামের অভিনবত্ব আর মজার সম্পর্ক ঘিরে ইতোমধ্যেই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গরু দুটি।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্ম লিমিটেডে রাখা হয়েছে আলোচিত এই দুই গরু। খামারে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন শুধু গরু দেখতে নয়, তাদের নামের গল্প শুনতেও। অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছেন।খামারে আসা দর্শনার্থীদের মধ্যে নাম দুটি নিয়ে চলছে নানা হাস্যরস। কেউ বলছেন, “দুলাভাই কিনলে সালা ফ্রি দিতে হবে”, আবার কেউ বলছেন, “একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ”। বিশেষ করে তরুণদের মধ্যে ‘শালা-দুলাভাই’ জুটি নিয়ে বেশ উন্মাদনা দেখা গেছে। ফেসবুক রিলস ও টিকটক ভিডিওতেও জায়গা করে নিয়েছে গরু দুটি।দর্শনার্থী মো. শাওন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নাম শুনে কৌতূহল তৈরি হয়। পরে পরিবার নিয়ে খামারে এসে দেখেন সত্যিই এমন নামের দুই গরু রয়েছে। তার ভাষায়, “নাম শুনেই হাসি চলে আসে। ঈদের বাজারে একটু অন্যরকম আনন্দ পাওয়া যাচ্ছে।”আরেক দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, প্রতিবছর বড় বড় গরু দেখা গেলেও এমন মজার নাম আগে শোনেননি। তার ছোট ভাই বারবার জানতে চাইছিল কোনটা ‘শালা’ আর কোনটা ‘দুলাভাই’।খামার সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদের আগে বাস্তব জীবনের এক ‘শালা-দুলাভাই’ জুটি মজা করেই গরু দুটির এমন নাম রাখেন। পরে সেই নামই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।গরু দুটির মালিকপক্ষ জানায়, ‘শালা’ নামের গরুটির ওজন প্রায় ৬২৫ কেজি এবং ‘দুলাভাই’-এর ওজন প্রায় ৬২৮ কেজি। প্রায় তিন বছর বয়সী এই গরুগুলোকে বিশেষ খাদ্য ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। খাদ্য তালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস।আর কে এগ্রো ফার্মের ব্যবস্থাপক মো. নাজির হোসেন বলেন, “ঈদের বাজারে মানুষকে একটু ভিন্নধর্মী আনন্দ দিতে চেয়েছি। তাই মজার ছলে এমন নাম রাখা হয়েছে। এখন দূর-দূরান্ত থেকেও মানুষ শুধু নাম শুনেই খামারে চলে আসছেন।”এর আগে নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের দুই মহিষ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘শালা-দুলাভাই’ জুটি ঈদের আমেজে যোগ করেছে নতুন মাত্রা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ