প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
নিহত মুমিনের বাড়িতে এমপি মান্নান সর্বোচ্চ বিচারের আশ্বাস ও পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় অটোরিকশা চালক মো. মুমিন (৪০)কে।হৃদয়বিদারক এ ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একজন খেটে খাওয়া মানুষের এমন মর্মান্তিক মৃত্যুতে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মাঝে।ঘটনাটি নজরে আসে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর। নিহত পরিবারের আহাজারি ও শিশু সন্তানদের অসহায়ত্বের সংবাদ দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। শুক্রবার (২২ মে) বিকেলে তিনি ছুটে যান সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকায় নিহত মুমিনের বাড়িতে।এসময় এমপি মান্নান নিহত মুমিনের স্ত্রী, সন্তান ও স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরিবারের আর্থিক দুরবস্থার কথা শুনে তিনি নিহতের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে জানান, মুমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।এসময় এমপি মান্নান বলেন, একজন শ্রমজীবী মানুষকে সামান্য চাঁদার জন্য যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। অসহায় এই পরিবারকে একা ফেলে দেওয়া হবে না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসা উচিত। এদিকে এমপির এমন মানবিক উপস্থিতি ও সহযোগিতায় কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে নিহতের পরিবার। স্থানীয়রাও তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের বর্বর ঘটনা কমে আসবে।এসময় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ