প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান, নারায়ণগঞ্জ পেল নিজস্ব উন্নয়ন কর্তৃপক্ষ
||
নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) প্রতিষ্ঠা করেছে। মঙ্গলবার (৩ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ এর ধারা ৪(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব অভিজিৎ রায়।নতুন এই কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার সমন্বিত ও পরিকল্পিত উন্নয়নে কাজ করবে। এর দায়িত্বের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন, আবাসন উন্নয়ন, নগর অবকাঠামো নির্মাণ, ঐতিহাসিক ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণ এবং দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা।দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও জনপ্রতিনিধিরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আদলে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে আসছিলেন। এনডিএ প্রতিষ্ঠার মাধ্যমে সেই দাবি বাস্তবে রূপ পেল।সংশ্লিষ্টদের মতে, শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জে জনসংখ্যা ও স্থাপনার ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এনডিএ কার্যকরভাবে কাজ শুরু করলে অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা এবং জলাশয় ভরাটের মতো সমস্যা নিয়ন্ত্রণে আনা সহজ হবে। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও গতি আসবে।প্রজ্ঞাপন অনুযায়ী, কর্তৃপক্ষের প্রতিষ্ঠা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। শিগগিরই চেয়ারম্যান ও বোর্ড সদস্য নিয়োগের মাধ্যমে এনডিএর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ