প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
একজনকে একটির বেশি অটোরিকশার লাইসেন্স নয়: সিটি প্রশাসক সাখাওয়াত
||
নারায়ণগঞ্জ শহরে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় নতুন নীতিমালার কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তার ঘোষণা অনুযায়ী, কোনো ব্যক্তি একটির বেশি অটোরিকশার নম্বর প্লেট বা লাইসেন্স নিতে পারবেন না।রোববার (৭ জুন) নগরভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সাখাওয়াত হোসেন খান বলেন, লাইসেন্স প্রদান কার্যক্রম তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা যাচাই-বাছাই করে নিশ্চিত করবেন যেন কোনো ব্যক্তি একাধিক লাইসেন্স বা নম্বর প্লেট না পান।তিনি জানান, প্রয়োজন হলে লাইসেন্সের সংখ্যা কমলেও তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। একই সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত প্রত্যেক চালকের জন্য পৃথক পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়া হবে।সিটি প্রশাসক আরও বলেন, নগরীর যানজট নিয়ন্ত্রণে এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কমিটির সদস্যরা যৌথভাবে বসে লাইসেন্স প্রদান ও সংশ্লিষ্ট নীতিমালা নির্ধারণ করবেন এবং এ বিষয়ে তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে।তার ভাষ্য অনুযায়ী, যারা নির্ধারিত নিয়ম মেনে চলবেন, তাদের লাইসেন্স দেওয়া হবে এবং লাইসেন্সধারী নিজেই গাড়ি পরিচালনা করবেন।জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ট্রাফিক পুলিশ, নাগরিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ