প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
বিসিকে স'ন্ত্রাস-ছি'নতাই, শ্রমিক নিরাপত্তা কোথায়? সংসদে প্রশ্ন এমপি আল আমিনের
||
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পাঞ্চলে ঝুট সন্ত্রাস, ছিনতাই এবং শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ বিষয়ে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা, তা জানতে চেয়েছেন তিনি।রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে এ প্রশ্ন উত্থাপন করেন এমপি আল আমিন।সংসদে তিনি বলেন, তার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত বিসিক শিল্পাঞ্চলে ঝুট সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কারণে শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের পাশাপাশি শ্রমিকরাও ক্ষতির মুখে পড়ছেন।আল আমিন আরও উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিসিককে আলাদা এলাকা হিসেবে দেখিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে সীমাবদ্ধতার কথা জানায়। ফলে ওই শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ঝুট সন্ত্রাস দমন, ছিনতাই প্রতিরোধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের কোনো বিশেষ উদ্যোগ আছে কিনা, তা জানতে চান তিনি।জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্দিষ্ট কোনো ঘটনা বা অভিযোগ তাদের নজরে আনা হলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, “সুনির্দিষ্ট তথ্য ছাড়া এভাবে সামগ্রিকভাবে মন্তব্য না করে কোনো ঘটনার তথ্য দিলে আমরা বিষয়টি পর্যালোচনা করতে পারব।”শিল্পমন্ত্রী আরও বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছেন এবং বিষয়টি যদি আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকার প্রতি তিনি আস্থা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ