প্রিন্ট এর তারিখ : ০৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
সোমবারও নারায়ণগঞ্জে ১০ ঘন্টা লোডশেডিংয়ের সম্ভাবনা
||
ঢাকার হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে নারায়ণগঞ্জ শহরসহ জেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।ডিপিডিসি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে হাসনাবাদ গ্রিডের একটি তার ছিঁড়ে গেলে নারায়ণগঞ্জের পূর্ব ও পশ্চিম—উভয় জোনে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে শহর ও আশপাশের এলাকায় ব্যবসা-বাণিজ্য, অফিস এবং দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।পরবর্তীতে বিকেলে চাহিদা কিছুটা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ধীরে ধীরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে।তিনি আরও বলেন, “হাসনাবাদ গ্রিডের ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল (সোমবার) দিনে সর্বোচ্চ প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে। তবে রোববার রাতের দিকে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা নেই।”এদিকে ডিপিডিসির আরেক প্রকৌশলী কামাল হোসেন বলেন, হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির সরাসরি আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামত কাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।হঠাৎ এই বিদ্যুৎ বিপর্যয়ে নগরজুড়ে চরম ভোগান্তি দেখা দেয়। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ