প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
রজত জয়ন্তীতে শিক্ষাগুরু সম্মাননা দেবে নারায়ণগঞ্জ হাইস্কুলের এসএসসি-২০০১ ব্যাচ
||
নারায়ণগঞ্জ হাইস্কুলের এসএসসি-২০০১ ব্যাচের সংগঠন ‘সতীর্থ-০১’ তাদের রজত জয়ন্তী উপলক্ষে শিক্ষকদের সম্মাননা প্রদান এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। আগামী শুক্রবার (১২ জুন) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৮টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হবে। পরে এটি বঙ্গবন্ধু সড়ক হয়ে ২ নম্বর রেলগেট ও ১ নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে সকাল ৯টায় নারায়ণগঞ্জ হাইস্কুল প্রাঙ্গণে পৌঁছাবে।এরপর সকাল ১০টায় শুরু হবে ‘শিক্ষাগুরু সম্মাননা’ অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের তৎকালীন বর্তমানে জীবিত প্রায় ১২ জন শিক্ষক উপস্থিত থাকবেন এবং তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হবে।অনুষ্ঠান সম্পর্কে আয়োজকরা জানান, একসময় বাবা-মায়ের পর শিক্ষকদের সর্বোচ্চ শ্রদ্ধার আসনে দেখা হতো। শিক্ষকদের প্রতি সেই সম্মান ও কৃতজ্ঞতার সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে আগের মতো দৃশ্যমান না থাকায়, নিজেদের সন্তানসহ বর্তমান শিক্ষার্থীদের কাছে সেই মূল্যবোধ তুলে ধরতেই তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।রজত জয়ন্তীর আয়োজনকে দুই পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে শিক্ষাগুরু সম্মাননা ও র্যালি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২০ জুন দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কক্সবাজার ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ