প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
মা/দ/ক মুক্ত করতে যা পেরেছে আশা তা এখনও পারেনি এমপি আল আমিন
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নির্বাচনের আগে মাদক ও অপরাধ নির্মূলকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছিলেন। তাঁর নির্বাচনী ইশতেহারে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি ছিল। তবে নির্বাচনের কয়েক মাস পার হলেও সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এখনো দৃশ্যমান নয় বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।স্থানীয়দের দাবি, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক, বক্তাবলী, গোগনগর, ফতুল্লা ও কুতুবপুর এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা আগের তুলনায় বেড়েছে। বিভিন্ন পাড়া-মহল্লা, নির্জন স্থান ও জনবহুল এলাকাতেও মাদক বিক্রি ও সেবনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।সাম্প্রতিক সময়ে আলীরটেকে মাদকবিরোধী অবস্থান নিয়ে সাধারণ জনগণ নিজ উদ্যোগে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বিভিন্ন স্থানে জনতার হাতে অভিযুক্ত মাদক কারবারিদের আটক ও গণধোলাইয়ের ঘটনাও ঘটেছে। তবে স্থানীয়দের প্রশ্ন, জনগণ যখন নিজেরাই মাঠে নামতে বাধ্য হচ্ছে, তখন জনপ্রতিনিধি হিসেবে মাদক নির্মূলে এমপি আব্দুল্লাহ আল আমিনের দৃশ্যমান ভূমিকা কোথায়?অন্যদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা বন্দরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আলোচনায় এসেছেন। স্থানীয়দের দাবি, তিনি নিজ উদ্যোগে কয়েকটি মাদক কারবারির আস্তানায় তালা দিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।এ অবস্থায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাদক নির্মূলের জন্য কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে আলীরটেক, বক্তাবলী, গোগনগর, ফতুল্লা ও কুতুবপুর এলাকায় মাদক কারবার বন্ধে বিশেষ অভিযান, নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ