প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
মদনপুরের গ্যাস বি'স্ফোরণের ট্র্যা'জেডি: দ'গ্ধ গৃহবধূর মৃ'ত্যু, লড়ছেন স্বামী-সন্তানরা
||
লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের সদস্যদের মধ্যে সুলতানা আক্তার (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১২ জুন) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুলতানা আক্তারের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে তার স্বামী আলী আহমদ মান্নান ৩০ শতাংশ, ছেলে সিয়াম ৭৭ শতাংশ এবং মেয়ে মিমি ৪১ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ৮ শতাংশ দগ্ধ হওয়া পথচারী শিশু হযরত আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।এর আগে বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুরের ছোটবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজশিক্ষার্থী সিয়াম (১৯), মেয়ে স্কুলশিক্ষার্থী মিমি (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।স্বজন ও দগ্ধদের বরাত দিয়ে জানা যায়, ভাড়া বাসাটির গ্যাসের চুলার লাইনে লিকেজ থাকায় আলী আহমদ মান্নান নিজেই সেটি মেরামতের চেষ্টা করেন। পরে তার স্ত্রী রান্না শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চার সদস্য ও পাশ দিয়ে যাওয়া শিশু হযরত আলী দগ্ধ হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা আক্তারের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ