প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
২০ কোটি টাকা দিতে রাজি, তবে সড়ক থেকে অ'বৈধ অটো-রিকশা সরাতে হবে
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) রাজস্ব খাতে প্রায় ২০ কোটি টাকা পরিশোধে প্রস্তুতির কথা জানিয়েছে মহানগর বৈধ মিশুক ও রিকশা মালিক সমিতি। তবে এর বিনিময়ে লাইসেন্সবিহীন অটো, মিশুক ও রিকশার শহরের প্রধান সড়কে চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন সংগঠনের নেতারা।শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর নতুন চাষাঢ়ায় আরযান আহম্মেদের গ্যারেজ কমিটির উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।সংগঠনের সভাপতি মো. সুজন মাহমুদ বলেন, রাজস্ব আদায়ের স্বার্থে তারা ২০ কোটি টাকা দিতে রাজি আছেন। তবে যেসব যানবাহনের বৈধ লাইসেন্স নেই, সেগুলোকে শহরের মূল সড়কে চলাচলের সুযোগ দেওয়া হলে লাইসেন্সধারী মালিকরা বৈষম্যের শিকার হবেন। একই সঙ্গে যানজট ও জনভোগান্তির দায়ও তাদের ওপর বর্তাবে।তিনি আরও বলেন, অবৈধ অটো ও মিশুকের কারণে বৈধ পরিবহন মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শানু জানান, ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নাসিকের রাজস্ব বাবদ প্রায় সাড়ে চার কোটি টাকা বকেয়া ছিল। ২০২৪ সালে ১৭ হাজার ৪৫৩টি যানবাহনের বিপরীতে প্রতিটির জন্য ৮ হাজার ৩৬৫ টাকা হারে প্রায় ১৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। বকেয়াসহ মোট লক্ষ্যমাত্রা দাঁড়ায় প্রায় ২০ কোটি টাকা।তিনি বলেন, নাসিকের তিনটি অঞ্চলে নিবন্ধিত ১৭ হাজার ৪৫৩টি মিশুক ও রিকশার মধ্যে শহর এলাকায় রয়েছে ১০ হাজার ৭৬৫টি, ভিআইপি ক্যাটাগরিতে ১১টি, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৫ হাজার ৯৯৬টি এবং বন্দর অঞ্চলে ৭১১টি।রফিকুল ইসলাম শানুর দাবি, বাস্তবে যেখানে সর্বোচ্চ আট হাজার যানবাহন চলাচলের সুযোগ রয়েছে, সেখানে বর্তমানে এক থেকে দেড় লাখ যানবাহন সড়কে চলাচল করছে। এ পরিস্থিতির জন্য নাসিকের ব্যবস্থাপনাগত দুর্বলতাকে দায়ী করে তিনি অভিযোগ করেন, বৈধভাবে নবায়ন ফি দেওয়ার পরও অনেক যানবাহন চলাচলে বাধার মুখে পড়ে। পাশাপাশি একটি চক্র নকল লাইসেন্স তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে বলেও তিনি দাবি করেন।সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা আওলাদ হোসেন, ফয়েজ আহমেদ, মো. আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক মো. ইউছুফ চৌধুরী, মো. নাছির আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গির বেপারীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ