প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
ওষুধ ও জনবলের অভাবে যেন আইসিইউ বন্ধ না হয় : মামুন মাহমুদ
||
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ সেবার উদ্বোধন উপলক্ষে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। একই সঙ্গে জেলার জন্য একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন তিনি।রোববার (১৪ জুন) সকালে ভিক্টোরিয়া হাসপাতালে আয়োজিত আইসিইউ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।করোনা মহামারির সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে মামুন মাহমুদ বলেন, অতীতে খানপুর হাসপাতালে কয়েকটি আইসিইউ বেড চালু হলেও পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় ওষুধের অভাবে সেগুলো কার্যকর রাখা সম্ভব হয়নি। তাই নতুন এই আইসিইউ সেবা যেন একই পরিণতির শিকার না হয়, সে বিষয়ে তিনি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানান।স্বাস্থ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর বহুদিনের দাবি ছিল একটি কার্যকর আইসিইউ। করোনাকালে এ জেলার মানুষ চিকিৎসাসেবা নিয়ে চরম দুর্ভোগে পড়েছিল। তাই পর্যাপ্ত জনবল, ওষুধ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে নতুন আইসিইউ যেন সবসময় সচল রাখা হয়।স্থানীয় জনগণের প্রতিও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইসিইউতে সাধারণত সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হয় এবং সেখান থেকে সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা অনেক সময় সীমিত থাকে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করলেও সব রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসপাতালের চিকিৎসাকর্মী বা অবকাঠামোর ওপর ক্ষোভ প্রকাশ না করে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান তিনি।বক্তব্যে তিনি আরও বলেন, ঢাকার খুব কাছাকাছি অবস্থান হলেও শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নারায়ণগঞ্জ এখনও পিছিয়ে রয়েছে। জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভিক্টোরিয়া হাসপাতাল বা খানপুর হাসপাতালকে কেন্দ্র করে হলেও দ্রুত একটি সরকারি মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়ে মামুন মাহমুদ আশা প্রকাশ করেন, নতুন স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ