প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের একদিনে একাধিক কর্মসূচির উদ্বোধন
||
নারায়ণগঞ্জে জলবায়ু সচেতনতা, খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ এবং মেধা বিকাশমূলক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দিনব্যাপী একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিতর্ক উৎসব, অফিসার্স ক্লাবের ভবন সম্প্রসারণ, মাতৃসদন রুম উদ্বোধন, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি জেলার একাধিক সরকারি দপ্তর পরিদর্শনও করেন।সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করে সেবার মান বৃদ্ধি ও দাপ্তরিক কার্যক্রমে গতি আনার বিষয়ে নির্দেশনা দেন।সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে Climate Resilient Campus Initiative-এর আওতায় “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে আয়োজিত বিতর্ক উৎসব-২০২৬-এর উদ্বোধন করেন তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।বিতর্ক উৎসব শেষে বিভাগীয় কমিশনার সদর উপজেলার মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করে ভূমি সেবায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার নির্দেশনা দেন।দিনের শেষভাগে তিনি নারায়ণগঞ্জ মিশনপাড়া অফিসার্স ক্লাবের নতুন ভবন সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন, যা জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পরিকল্পনা ও বাস্তবায়নে সম্পন্ন হয়।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা গড়ে তুলতে বিতর্কচর্চার বিকল্প নেই। তিনি নারায়ণগঞ্জকে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের একটি মডেল জেলায় রূপান্তরের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ শুধু একটি শিল্পনগরী নয়, এটি মেধা ও মননের নগরী। এখানকার শিক্ষার্থীরা যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জেলা প্রশাসন শিক্ষা, পরিবেশ ও জনসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ