প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
সংসদে এমপি আল আমিনের প্রশ্নে চাষাড়ায় ইন্টারচেঞ্জ-ওভারপাসের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী
||
জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উন্নয়ন, চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণ এবং আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ নিয়ে পৃথক প্রশ্ন উত্থাপন করেন। এসব প্রশ্নের জবাবে সরকারের চলমান পরিকল্পনা ও অগ্রগতির তথ্য তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) মন্ত্রী শেখ রবিউল আলম।মন্ত্রী জানান, সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) ৬-লেনে উন্নীতকরণের কাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হয়েছে। তবে চাঁনমারী থেকে চাষাড়া পর্যন্ত প্রায় ৪৫০ মিটার অংশে সড়ক প্রশস্ত করা সম্ভব হয়নি, কারণ ওই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নিজস্ব জমি নেই এবং ভূমিটি বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন।তিনি আরও বলেন, প্রয়োজনীয় উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভূমি বিনিময়ের একটি প্রস্তাব বর্তমানে অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হলে চাঁনমারী, রাইফেল ক্লাব ও চাষাড়া এলাকায় সড়ক প্রশস্তকরণের পাশাপাশি আধুনিক এট-গ্রেড ইন্টারসেকশন (ইন্টারচেঞ্জ) এবং ওভারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।এদিকে চাষাড়া থেকে পঞ্চবটি হয়ে পোস্তগোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ককে ৬-লেনে উন্নীত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়কটি ইনার সার্কুলার রোড প্রকল্পের আওতায় সার্ভিস লেনসহ ৪-লেনে উন্নীত করার পরিকল্পনা বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ