প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
‘একসঙ্গে আন্দোলন করেছি’ শিক্ষার্থীদের সামনে স্মৃতিচারণ করলেন এমপি আল আমিন ও নাহিদ ইসলাম
||
জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগের সুযোগ পেয়ে সংসদ ভবন পরিদর্শন করেছে নারায়ণগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৭০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। এ সময় তারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেয়।মতবিনিময়কালে শিক্ষা, নেতৃত্ব, গণতন্ত্র এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এমপি আব্দুল্লাহ আল আমিন। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রশ্ন ও মতামতও তুলে ধরে।এক পর্যায়ে শিক্ষার্থীরা বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করলে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তাৎক্ষণিকভাবে সেই সুযোগের ব্যবস্থা করে দেন। পরে নাহিদ ইসলামের সঙ্গে দেশের রাজনীতি, গণতন্ত্র, তরুণ নেতৃত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় তারা।শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আগামীতে তোমরা আবারও জাতীয় সংসদে আসবে, তবে সেবার দর্শক হিসেবে নয়—এই সংসদেরই সম্মানিত সদস্য হিসেবে।” তাঁর এ বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের কার্যক্রম কাছ থেকে দেখা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগকে শিক্ষার্থীরা একটি মূল্যবান ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করেছে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ