প্রিন্ট এর তারিখ : ১৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কাটার অ'ভিযোগ, ভাইরাল হতেই নড়েচড়ে বসল প্রশাসন
||
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সংযোগ সেতুর কয়েকটি পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠে, অন্তত ১৫ ফুট গভীর করে মাটি অপসারণের ফলে সেতুর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে আপাতত কাজ বন্ধ করে দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে সেতুর ৮৪ থেকে ৯১ নম্বর পিলারের আশপাশে মাটি কাটা চলছিল। এতে পিলারের নিচের অংশ নিচু হয়ে বড় গর্ত তৈরি হয়েছে এবং সেখানে বৃষ্টির পানিও জমে রয়েছে। তাদের আশঙ্কা, এভাবে মাটি সরানো হলে ভবিষ্যতে সেতুর স্থিতিশীলতার ওপর প্রভাব পড়তে পারে।তবে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি পদ্মা রেল সংযোগ প্রকল্পেরই একটি অংশ। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড সাইট পুনর্বহালের (রেস্টোরেশন) কাজের অংশ হিসেবে মাটি কাটছে এবং পুরো কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কাজ শুরুর আগে স্থানীয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। বিষয়টি নজরে আসার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করেন এবং প্রকল্প-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের উদ্যোগ নেন।রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক অ্যান্ড ওয়ার্কস) আবু ইউসুফ মোহাম্মদ শামীম বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে কিছু জায়গা মাটি ও বালু দিয়ে ভরাট করেছিল। চুক্তি অনুযায়ী প্রকল্প শেষে সাইটকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মাটি অপসারণ করা হচ্ছে। তার দাবি, নিরাপত্তা নিশ্চিত করেই এ কাজ পরিচালিত হচ্ছে এবং সেনাবাহিনী পুরো বিষয়টি তদারকি করছে।এদিকে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, প্রকল্পের কাগজপত্র যাচাই না হওয়া পর্যন্ত মাটি কাটার কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত তাদের নির্দেশনার ভিত্তিতেই নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ