প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
খাদ্য, ঢেউটিন ও নগদ সহায়তা পেল রূপগঞ্জের দুস্থরা, শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচিও
||
রূপগঞ্জ উপজেলায় সরকারের মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চাল, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তার সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।বক্তব্যে তিনি আরও জানান, রূপগঞ্জকে আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব উপজেলায় রূপান্তরের লক্ষ্য নিয়ে তিনি সমন্বিতভাবে কাজ চালিয়ে যাবেন। উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনসেবার মানোন্নয়নের মাধ্যমে এলাকাটিকে দেশের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সরকারের উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচি স্বচ্ছতা ও সুষ্ঠুতার সঙ্গে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্যও।তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে গণআন্দোলনে পরিণত করতে হবে।পরে প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে উপজেলা পর্যায়ের বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ সময় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ