প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
এমপির ছেলে হলেও বিশেষ সুবিধা নেই: সজীব ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা
||
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে ঘিরে চলমান আলোচনার প্রেক্ষিতে কঠোর অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক পরিচয় বা পারিবারিক অবস্থান কোনোভাবেই আইনের ঊর্ধ্বে নয়—সবার ক্ষেত্রেই আইন সমানভাবে প্রযোজ্য।সোমবার (২২ জুন) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পুলিশের কাছে ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।এর আগে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এরপর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসহ একাধিক অভিযোগ ছিল। এসব বিষয়ে বিস্তারিত জানার জন্যই তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।এদিকে আটকের ঘটনার পরই দলীয় সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ