প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
অসুস্থ গিনেস রেকর্ডধারী মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন ডিসি রায়হান কবির
||
গুরুতর অসুস্থতায় চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাওয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করে সহায়তা চাইলে তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।জানা যায়, বিশ্বব্যাপী ‘ফুটবল ম্যান’ হিসেবে পরিচিত মাসুদ রানা চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের সংকটে মানবিক সহায়তার আবেদন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। তার কথা শোনার পর জেলা প্রশাসক মো. রায়হান কবির দ্রুত সহায়তার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেন।খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা মাসুদ রানা। প্রয়াত শামসুর রহমান মোল্লার ছেলে তিনি। শৈশব থেকেই ফুটবল নিয়ে নিরলস অনুশীলনের মাধ্যমে বল নিয়ন্ত্রণ ও বিভিন্ন কৌশলগত প্রদর্শনীতে অনন্য দক্ষতা অর্জন করেন। তার সেই অসাধারণ প্রতিভা তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার সাফল্যের গল্প প্রকাশিত হয়েছে।মাসুদ রানা জানান, দেশের লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করাই তার লক্ষ্য। এ জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও সমৃদ্ধ করতে চান বলেও জানান তিনি।সাক্ষাৎ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে মাসুদ রানা বলেন, জেলা প্রশাসকের আন্তরিকতা ও সহযোগিতা তাকে নতুন করে আশাবাদী করেছে। দেশবাসীর দোয়া ও সমর্থন পেলে তিনি সুস্থ হয়ে নতুন উদ্যমে আবারও নিজের প্রতিভা নিয়ে সবার সামনে হাজির হতে চান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ