প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
আলীরটেকের ডিক্রিরচর খেয়াঘাটে যাত্রীদের ওপর ডাকাত দলের হামলা, আটক ১
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর খেয়াঘাটে গভীর রাতে যাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে চার সদস্যের একটি ডাকাত দলের বিরুদ্ধে। এতে ২ জন যাত্রীকে গুরুতর জখম করে ডাকাত দল। এ সময় যাত্রীরা সাহসিকতার সঙ্গে ডাকাত দলের একজনকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে কয়েকজন যাত্রী খেয়াঘাট দিয়ে নদী পারাপারের সময় চার সদস্যের একটি ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এ সময় যাত্রীরা প্রতিরোধ গড়ে তুললে ডাকাত দলের তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করা হয়।খবর পেয়ে আশপাশের এলাকাবাসী ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে গণধোলাই দেন। ডাকাত দলের হামলার শিকার এক যাত্রী বলেন, "আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। না হলে আজ আমি লাশ হয়ে থাকতাম। আপনারা আমাকে লাশ হিসেবেই দেখতে পেতেন।"এলাকাবাসীর দাবি, আটক ব্যক্তি নিজের পরিচয় সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। কখনো তিনি রিকাবীবাজার, কখনো মুক্তারপুর, আবার কখনো অন্য এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। ফলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।এদিকে স্থানীয়রা গভীর রাতে নদীপথে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের পরামর্শ, প্রয়োজনে দলবদ্ধভাবে নদী পারাপার করলে এ ধরনের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ