প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
ডিজিটাল দক্ষতা উন্নয়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আইটি বিভাগীয় কর্মশালা
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আইটি বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মো. আব্দুল জব্বার।বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। তাই প্রযুক্তিকে ইতিবাচক, সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। আদর্শিক চেতনার পাশাপাশি সংগঠনের প্রতিটি দায়িত্বশীল কর্মীর প্রযুক্তিগত দক্ষতা অর্জনও সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।মাওলানা আব্দুল জব্বার আরও বলেন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য, ন্যায় ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে আইটি বিভাগের সদস্যদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থেকে তথ্য যাচাই করে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় ডিজিটাল কনটেন্ট তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, তথ্য নিরাপত্তা, সাইবার সচেতনতা, আধুনিক যোগাযোগ কৌশল এবং সাংগঠনিক কার্যক্রমে প্রযুক্তির কার্যকর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক উপস্থাপনা, ব্যবহারিক অনুশীলন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।বক্তারা বলেন, দক্ষ ও প্রযুক্তিবান্ধব জনশক্তি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।কর্মশালায় সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আইটি বিভাগের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ