প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
‘যাদের ফার্মের মুরগি বলছেন, তারাই আপনাদের সরকারে বসিয়েছে
||
এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সরকার পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে তিনি এসব বক্তব্য দেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া ও আনোয়ারাসহ বিস্তীর্ণ এলাকায় বন্যার কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তার অভিযোগ, বন্যা শুরু হওয়ার পরও সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিমন্ত্রী হজ পালনে বিদেশে গেছেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, বন্যাকবলিত চট্টগ্রামের মানুষের জন্য মাথাপিছু ৩০ টাকারও কম বরাদ্দ দেওয়া হয়েছে, যদিও জাতীয় রাজস্বে এ অঞ্চল থেকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ আসে।সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। তার ভাষ্য, গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়ন না করে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিয়েছে।তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে গণঅভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পারেনি। তার দাবি, কেবল ব্যক্তি পরিবর্তন নয়, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তনই ছিল আন্দোলনের মূল লক্ষ্য।শিক্ষা খাত নিয়েও সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন দাবিকে গুরুত্ব না দিয়ে তাদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বন্যার মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে এবং একটি প্রশ্নপত্রে দুটি সৃজনশীল প্রশ্নে ভুল ছিল, যা পরীক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।পদযাত্রায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিটি সোনারগাঁ মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ