প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফুটবল ঘিরে ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
||
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন।সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ফারুক মিয়ার ছেলে অপূর্বের নেতৃত্বে ব্রাজিল সমর্থকদের একটি দল এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিবের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি দল রয়েছে। সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস এবং পরবর্তীতে আর্জেন্টিনার ফাইনালে হারের পর ব্রাজিল সমর্থকদের উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, উত্তেজনার একপর্যায়ে হাবিবের অনুসারীরা অপূর্বের পক্ষের লোকজনকে ধাওয়া দেয়। পরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর, নারীসহ কয়েকজনকে মারধর এবং হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আর্জেন্টিনা সমর্থকরা পাল্টা ধাওয়া দিলে কয়েকজনকে আটক করে মারধর করা হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কিশোর বয়সী কয়েকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উভয় পক্ষ সরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ