প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নয়: আবুল কাউসার আশা
||
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, খেলাধুলা ও মাদক একসঙ্গে চলতে পারে না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সর্বত্র খেলাধুলার অনুকূল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বন্দর উপজেলার সাবদী নূরপদি পূর্বপাড়ায় সাবদী টার্ফ জোনে আয়োজিত র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবুল কাউসার আশা বলেন, টার্ফ জোনে ‘নো স্মোকিং জোন’ লেখা থাকাই প্রমাণ করে সেখানে মাদকের কোনো স্থান নেই। একজন তরুণ একই সঙ্গে মাদকাসক্ত এবং খেলোয়াড় হতে পারে না। যারা নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, তারা স্বাভাবিকভাবেই মাদকের বিরুদ্ধে অবস্থান নেবে।তিনি বলেন, এখনই সিদ্ধান্ত নিতে হবে—তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনের পথে এগিয়ে নেওয়া হবে, নাকি তারা মাদকের করাল গ্রাসে আটকে থাকবে। এ লক্ষ্যেই খেলাধুলার সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।টার্ফ জোন প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, অনেক সময় দেখা যায় যারা প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে কথা বলেন, তাদের মধ্যেই কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন কিংবা মাদকবিরোধী কর্মসূচিতেও মাদক কারবারিরা অংশ নেয়। এ ধরনের দ্বিচারিতা থেকে সবাইকে সরে আসতে হবে।তিনি আরও বলেন, মাদকসেবীদের সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে, তবে মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই। অর্থের লোভে যারা সমাজকে ধ্বংস করছে, তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং সমাজে তাদের কোনো স্থান দেওয়া উচিত নয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ