প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবে থানা-উপজেলা বিএনপি নেতারা
||
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের দায়িত্ব থানা ও উপজেলা পর্যায়ের নেতাদের ওপর দিয়েছে বিএনপি। একই সঙ্গে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৫ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতারা অংশ নেন।দলীয় সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তারেক রহমান। ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে প্রথমে থানা ও উপজেলা পর্যায়ের নেতারা সিদ্ধান্ত নেবেন। কোনো জটিলতা দেখা দিলে জেলা পর্যায়ের নেতারা তা সমাধানের চেষ্টা করবেন। জেলা পর্যায়ে সমাধান না হলে বিভাগীয় পর্যায় এবং প্রয়োজন হলে কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নিলেও কোনো দলীয় প্রতীক ব্যবহার করবে না। তবে স্থানীয় পর্যায়ে নেতারা ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী নির্বাচন করতে পারলে দলগতভাবে তাকে সমর্থন দেওয়া হবে।এর আগে জাতীয় নির্বাচনে দলের অভ্যন্তরীণ বিভক্তির অভিজ্ঞতার কথা উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকা এবং তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্বে আনার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।বিএনপির নেতারা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রার্থী নির্বাচন এবং সংগঠনকে আরও গতিশীল করাই এসব বৈঠকের মূল উদ্দেশ্য। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার নেতাদের সঙ্গেও এমন বৈঠক করবেন দলটির চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ