প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
আগে রশি টানাটানির কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে নারায়ণগঞ্জ : সাখাওয়াত
||
নারায়ণগঞ্জের উন্নয়ন একসময় রাজনৈতিক দ্বন্দ্ব ও বিভক্তির কারণে বাধাগ্রস্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, সেই পরিস্থিতি থেকে এখন নগরী বেরিয়ে এসেছে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি ও নাগরিক সুবিধায় সমৃদ্ধ একটি আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলাই বর্তমান লক্ষ্য।বৃহস্পতিবার (৩০ জুলাই) নাসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন খান বলেন, অতীতে রাজনৈতিক মতবিরোধ ও টানাপোড়েনের কারণে নারায়ণগঞ্জ প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। তবে বর্তমানে সেই পরিবেশের পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সবাইকে সঙ্গে নিয়েই নগরীর সার্বিক উন্নয়নে কাজ করা হবে।তিনি আরও বলেন, জনগণের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো বড় উন্নয়ন সম্ভব নয়। তাই জনপ্রতিনিধি, প্রশাসন এবং নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি সুখী, সমৃদ্ধ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।বাজেট বক্তব্যে প্রশাসক জানান, গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ২৫ ফেব্রুয়ারি তাকে নাসিকের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য তিনি বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে সমর্থন দেওয়া ভোটারদের প্রতিও ধন্যবাদ জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার নির্দেশনা অনুযায়ী জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বয়ে নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।বক্তব্যের শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মুক্তিযুদ্ধের বীর শহীদ, গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তি এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।অনুষ্ঠানে নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতে ইসলামীর মহানগরের সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ