প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ সফরে এসে জনসেবার মান বাড়াতে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার
||
জনসেবার মান বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং মাঠপর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় জেলা সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।সফরে সার্কিট হাউস প্রাঙ্গণে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।পরে জেলা প্রশাসক মো. রায়হান কবির জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বিভাগীয় কমিশনারের পরিচয় করিয়ে দেন।মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন। তিনি জানান, বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী জেলার সব দপ্তর আরও কার্যকরভাবে কাজ করবে।সফরকালে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ