প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে : টিপু
||
নারায়ণগঞ্জে ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এক ঘণ্টার সাক্ষাতের সুযোগ চেয়েছেন তিনি।সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর কিল্লারপুল এলাকায় ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।অ্যাডভোকেট টিপু বলেন, মাঠপর্যায়ের প্রকৃত চিত্র প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না। নারায়ণগঞ্জের মানুষ নতুন করে প্রিপেইড মিটার স্থাপনের পক্ষে নয়; তারা বর্তমানে ব্যবহৃত ডিজিটাল মিটারই চালু রাখতে চান।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রিপেইড মিটার নিয়ে নারায়ণগঞ্জে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা সমাধান না হলে এ আন্দোলন দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে পারে।টিপু বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার সাক্ষাৎ চাই। তিনি যদি মনে করেন নারায়ণগঞ্জবাসীর দাবি যৌক্তিক নয়, তাহলে আমরা তা মেনে নেব। তবে বিষয়টির চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো প্রিপেইড মিটার স্থাপন করা যাবে না।”তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই দায়িত্ববোধ থেকেই তিনি সাধারণ মানুষের দাবির সঙ্গে একাত্ম হয়েছেন। তার দাবি, ডিপিডিসি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বৈঠকে প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয়তা ও সুবিধা তুলে ধরলেও উপস্থিত প্রতিনিধিদের সন্তুষ্ট করতে পারেননি।ডিপিডিসি কর্তৃপক্ষকে সতর্ক করে মহানগর বিএনপির এই নেতা বলেন, “আমরা কোনো সংঘাত চাই না, আলোচনার মাধ্যমে সমাধান চাই। আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। এর আগে কোনো বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করা হলে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় ডিপিডিসি কর্তৃপক্ষকেই নিতে হবে।”বৈঠক ও পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ