প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, টিসি দেয়া হলো ভুক্তভোগী কিশোরীকে
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিয়ে বরং ভুক্তভোগী শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়; বাবা একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। অপরদিকে অভিযুক্ত কিশোরের বয়স প্রায় সাড়ে ১১ বছর। সে কাঁচপুরের রায়েরটেক এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে। তার বাবা রিকশাচালক এবং মা গার্মেন্টসকর্মী।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে স্কুল চলাকালে ওই ছাত্রী ও একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়ে এলাকায় গেলে অভিযুক্ত কিশোর পেছন থেকে এসে চতুর্থ শ্রেণির ছাত্রীটিকে পরপর দুইবার লাথি মারে। ঘটনাস্থলে উপস্থিত একজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে বৃহস্পতিবার ভিডিওটি ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।ভুক্তভোগীর বাবা জানান, ভিডিওটি পুরোনো হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার অভিযোগ, স্কুল চলাকালে বাইরে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তার মেয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়। তবে অভিযুক্ত ছেলেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের হওয়ায় এখন মেয়েকে অন্য একটি বিদ্যালয়ে ভর্তি করাতে হবে।এ বিষয়ে ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটায় স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ