প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
বন্দরে ডালিম হত্যা, হত্যায় ব্যবহৃত চাকুসহ মূল আসামি গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক গ্রহণ ও কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে আমির হোসেন ডালিম (৩৬) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি শিহাব হাবীবকে (২২) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ধারালো সুইচ গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাত পৌনে ১১টার দিকে বন্দর থানার শুভকরদী এলাকায় মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে ডালিমের সঙ্গে শিহাব হাবীব ও তার এক সহযোগীর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শিহাব ও অজ্ঞাতনামা ওই সহযোগী ডালিমের পেটের বাম পাশে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।ডালিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিহাবসহ তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই মো. রমজান হোসেন (৪৮) বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন।মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার নবীগঞ্জ ঘাট এলাকা থেকে মামলার প্রধান আসামি শিহাব হাবীবকে গ্রেপ্তার করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই রাতে সাড়ে ১১টার দিকে শুভকরদী এলাকার মেহেরাজের চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।গ্রেপ্তারের পর শিহাব হাবীবকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ