প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
তল্লার ভাঙাচোরা সড়ক ও জলাবদ্ধতা দেখলেন ইউএনও, দ্রুত সমাধানের আশ্বাস
||
নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সড়কের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। এ সময় স্থানীয় বিএনপির নেতারাও তাঁর সঙ্গে ছিলেন।সোমবার (১০ আগস্ট) দুপুরে ফতুল্লার পশ্চিম তল্লা মডেল সড়ক পরিদর্শন করেন ইউএনও ও স্থানীয় নেতারা। পরে ৪৮ ও ৪৯ নম্বর তল্লা বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম ও বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন তারা।৪৮ নম্বর তল্লা সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ইউএনও এসএম ফয়েজ উদ্দিন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিদ্যালয়টির বালক শাখার নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। ইতোমধ্যে ভবনটিতে একাডেমিক কার্যক্রমও শুরু হয়েছে। শিক্ষাকার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ইউএনও বলেন, স্কুলের জমি নিয়ে কিছু জটিলতা রয়েছে। এর একটি অংশ অবৈধভাবে দখল করে রাখার বিষয়টি সরেজমিনে দেখা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতিও পরিদর্শন করা হয় বলে জানান তিনি।তল্লা এলাকার সড়কে জলাবদ্ধতার বিষয়ে ইউএনও বলেন, এলাকাটির কয়েকটি সড়কে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। দ্রুত এসব সড়কের সমস্যা সমাধান এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।এদিকে পশ্চিম তল্লা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা মনির হোসেন সরদার।ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙাচোরা রাস্তাগুলোর বর্তমান পরিস্থিতি ইউএনওসহ সংশ্লিষ্টদের দেখানো হয়েছে। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন দাবি জানানো হয়েছে। বিশেষ করে জেলা পরিষদ থেকে মডেল গার্মেন্টস পর্যন্ত আসা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। সড়কটি সংস্কার করা হলে এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও বিএনপি নেতা মনির হোসেন সরদার, সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী জেসমিনসহ সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ